সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬:৫৯ অপরাহ্ন
প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতা
কার্যক্রম পরিচালনার আহ্বান

মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের মতো সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সিলেটে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান ও জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে চলমান সামাজিক উদ্যোগ হিসেবে নিতে হবে। এ কাজে কোনো পদ-পদবির বিষয় নেই; সবাইকে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে হবে। প্রতি শনিবার এক ঘণ্টা করে সময় দিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব। তিনি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচিকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, সিলেট জেলায় আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। নির্ধারিত রুটিন অনুযায়ী বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। পাশাপাশি নিজ নিজ এলাকার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা ও সাঈদা পারভীন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিএনসিসি, স্কাউটস, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






