রাজনগরে মাদকবিরোধী অভিযানে ৫ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৭:০৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মোকামবাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া মোবাইলে অনলাইন জুয়া অ্যাপ পাওয়ায় আরও এক যুবককে থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার স্থানীয় যুবসমাজ ও সচেতন মহলের সহযোগিতায় পরিচালিত অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরীসহ পুলিশ সদস্যরা।
আটক চার যুবকের মধ্যে রাজনগর উপজেলার মেদিনীমহল এলাকার নূর মিয়ার ছেলে আনকার মিয়াকে (৪৫) এক বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, সিলেটের ওসমানীনগর উপজেলার রোকনপুর এলাকার তোতা মিয়ার ছেলে জাবের আহমেদকে (৩৪) ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, রাজনগরের কেশরপাড়া গ্রামের এলই মিয়ার ছেলে মো. তাহের রাব্বিকে (২২) ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং একই উপজেলার কান্দিগাঁও এলাকার জমিরউদ্দীনের ছেলে আলী আহসানকে (২২) ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে, মোবাইলে অনলাইন জুয়া অ্যাপ পাওয়া যাওয়ায় শাজাহান মিয়া নামে আরেক যুবককে রাজনগর থানায় সোপর্দ করা হয়েছে।







