কুলাউড়ায় চা শ্রমিকদের রেইনকোট বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪০:০৪ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : বৃষ্টিতে ভিজে চা-বাগানে কাজ করা শ্রমিকদের দুর্ভোগ লাঘবে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। কুলাউড়ার বিভিন্ন চা-বাগানে কর্মরত ২ হাজার ৫০০ স্থায়ী নারী শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
রোববার গাজীপুর চা-বাগান মন্দির সংলগ্ন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি শওকতুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মার সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, জাতীয় সংসদে তিনি প্রথম চা শ্রমিকদের রেইনকোট দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন। নির্বাচনের সময় চা শ্রমিকদের বৃষ্টিতে ভিজে কাজ করতে দেখে তিনি তাদের রেইনকোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির সূচনা করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু।
এছাড়া বক্তব্য দেন গাজীপুর চা-বাগানের উপমহাব্যবস্থাপক জয়ন্ত ধর, লুয়াইউনি চা-বাগানের জিএম ফারুক চৌধুরী, চাতলাপুর চা-বাগানের ব্যবস্থাপক মোকাররম হোসেন, লংলা চা-বাগানের ব্যবস্থাপক কাউছার আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফিলমন সান্ডি, শেফালী বেগম ও রিতা সবর।
পরে চাতলাপুর, লংলা, লুয়াইউনি, তিলকপুর, তারাপাশা, পাল্লাকান্দি, ঝিমাই, রেহানা, গাজীপুর, হলিছড়া ও হিঙ্গাজিয়াসহ কুলাউড়ার বিভিন্ন চা-বাগানের ২ হাজার ৫০০ স্থায়ী শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।







