জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৯:৫৪ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার রেইনকোট এবং স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে চা শ্রমিকদের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ বাড়াতে হবে।
চা শ্রমিকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, জুড়ীতে চা বাগান শ্রমিক ও তাদের পোষ্য এবং প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদান প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ করা হচ্ছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জানান, রেইনকোট, সেলাই মেশিন, সাইকেল, হুইলচেয়ার ও গবাদিপশু বিতরণের মতো কল্যাণমূলক কার্যক্রমও চলমান থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, জুড়ী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরফ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চা শ্রমিক সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চা বাগানের গ্রাম পঞ্চায়েতের সভাপতিগণ উপস্থিত ছিলেন।






