কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১২:১০ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাসন্তী শব্দকরের একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হরিশ্বরণ গ্রামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাসন্তী শব্দকর, শেফালী শব্দকর ও দিলীপ শব্দকরের তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বাসন্তী শব্দকরের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
তবে আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে দুর্ভোগে রয়েছেন। তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার জানান, ঘটনাটি জানার পর ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নিতে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।





