অপতথ্য রোধে তথ্য অধিকার চর্চা বাড়াতে হবে : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩০:০৪ অপরাহ্ন

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। সোমবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এবারের প্রতিপাদ্য ছিল-‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।
জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া সরকারি চিঠিসহ বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। এসব অপতথ্য প্রতিরোধে তথ্য যাচাইয়ের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, ভুল তথ্য অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়াকে মিসইনফরমেশন এবং কাউকে বিভ্রান্ত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে ডিসইনফরমেশন বলা হয়। তাই তথ্য ব্যবহারের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
আবদুল্লাহ আল মামুন বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯-এর পাশাপাশি সরকারি তথ্য প্রকাশ ও গোপনীয়তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আইন সম্পর্কেও সংশ্লিষ্টদের ধারণা থাকা প্রয়োজন। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ এবং প্রয়োজনীয় যোগাযোগের তথ্য সহজে দৃশ্যমান রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, নাগরিকদের প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি করা জরুরি। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর স্পষ্টভাবে প্রকাশ করা হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, সনাক সিলেটের সভাপতি সৈয়দা শিরীন আক্তার এবং অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল বক্তব্য দেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





