কমলগঞ্জে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৫:৩৮:১৩ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার ১৮৮৬/এম থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা এলাকা থেকে বন্দুক দুটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রগুলো কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক জানান, এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





