সিলেটে বিজিবির দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৮:২০:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এয়ারগান, মদ, ওষুধসহ প্রায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম ও বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটে করে একটি ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ, পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় এয়ারগান ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ বিভিন্নধরনের চোরাইপণ্য জব্দ করা হয়।
জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত পণ্য বিষয়ে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।






