গুয়াহাটিতে দুই দিনে ১৭ বাংলাদেশি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৮:২৯:১১ অপরাহ্ন
আশ্রয় দেওয়ার অভিযোগে আটক ৪

ভারত প্রতিনিধি: ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে পৃথক তল্লাশি অভিযান চালিয়ে দুই দিনে ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে একটি হোটেলের মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুয়াহাটির ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস) কুলেন্দ্রনাথ ডেকা।
পুলিশ জানায়, মঙ্গলবার পল্টন বাজার রেলওয়ে স্টেশনে মুম্বাইগামী লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সাধারণ কামরায় তল্লাশি চালিয়ে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, তারা মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছান এবং একটি হোটেলে অবস্থান করছিলেন।
জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই হোটেলের সন্ধান পায় পুলিশ। বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে হোটেল মালিক অমিতরাই দইমারি এবং তার তিন সহযোগী হযরত আলী, বিকাশ পাল ও রঞ্জন ধরকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, দইমারির হোটেলে বাংলাদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা করতেন হযরত আলী। তাকে সহযোগিতা করতেন বিকাশ পাল ও রঞ্জন ধর। পরে এসব বাংলাদেশি নাগরিক আসামের বিভিন্ন স্থানসহ ভারতের অন্যান্য অঞ্চলে চলে যেতেন বলে জানিয়েছে পুলিশ।
এরপর বুধবার (৭ অক্টোবর) গুয়াহাটির বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আরও একটি হোটেল থেকে ১৩ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। এ নিয়ে দুই দিনে মোট ১৭ বাংলাদেশি নাগরিক গ্রেফতার হলেন।
ডিসিপি কুলেন্দ্রনাথ ডেকা জানান, গ্রেফতার বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে বিতাড়নের প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের শনাক্ত ও গ্রেফতারে আগামী দিনগুলোতে অভিযান আরও জোরদার করা হবে।






