হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৮:৩৩:৩৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে চার শিশু এবং ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে ১ হাজার ৪২৮ জন এবং ডেঙ্গুতে ১ হাজার ৯৩৫ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হিসেবে ১ হাজার ৩৩২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। সব মিলিয়ে ১ হাজার ৪২৮ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হামের উপসর্গে ১ হাজার ৪০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জনের। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১১৬ জনের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসের প্রথম কয়েক দিনেই মারা গেছেন ৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন এবং খুলনা বিভাগের দুজন রয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৫৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮ হাজার ২০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা যান। এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
হাম ও ডেঙ্গুÑদুই রোগেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপও অব্যাহত রয়েছে।






