সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৮:৪০:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দুটি পৌঁছালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দাফন সম্পন্ন করতে নিহতদের প্রত্যেক পরিবারের হাতে সরকারি সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়।
নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবে কর্মরত ছিলেন। গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলে তায়েফের আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। এ দুর্ঘটনায় চার প্রবাসী নিহত হন। তাদের মধ্যে দুজন ছিলেন সিলেটের কানাইঘাটের বাসিন্দা।
দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, নিহত দুজনই তাঁর ইউনিয়নের বাসিন্দা। পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন প্রবাসে ছিলেন তারা। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পুরো ইউনিয়নের মানুষ এ ঘটনায় শোকাহত। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকায় তাদের জানাজা শেষে দাফন করা হবে। একই সঙ্গে নিহতদের পরিবারকে পরবর্তীতে নির্ধারিত সরকারি অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।
স্বজনরা জানান, জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো দুই ব্যক্তির এমন মৃত্যুতে পরিবার দুটি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। মরদেহ দেশে আনা ও দাফনের জন্য সরকারি সহায়তা পাওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এর আগে চলতি বছরের জুনে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। ২১ জুনের ওই দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারান। নিহতদের মধ্যে পাঁচজনই ছিলেন কানাইঘাটের বাসিন্দা। পরে ৩০ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাদের মরদেহ সিলেটে আনা হয়।
একের পর এক সড়ক দুর্ঘটনায় বিদেশের মাটিতে কানাইঘাটের প্রবাসীদের প্রাণহানিতে পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্বচ্ছল জীবনের আশায় বিদেশে পাড়ি দেওয়া মানুষগুলোর অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারি থামছে না।






