আট মাসে বিদেশে গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, রেমিট্যান্স ২৫.৭৪ বিলিয়ন ডলার
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৭:৫৩:২৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত আট মাসে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশ্বের ১০৯টি দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের ৪ লাখ ৪৩ হাজার ২১ জন কর্মী। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৫৭৩ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি কর্মী গেছেন সৌদি আরবে—২ লাখ ১৮ হাজার ৫০৮ জন। এ ছাড়া সিঙ্গাপুরে ৫৩ হাজার ২৯৭, কাতারে ৪২ হাজার ৫১৬, মালদ্বীপে ২৪ হাজার ৭০ এবং সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজার ৬৬১ জন কর্মী গেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসেই উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। অক্টোবরের প্রথম ১০ দিনে এসেছে প্রায় ৯৯ কোটি ডলার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রধান শ্রমবাজারগুলোতে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান করছে। যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি কর্মী গেছেন।
এদিকে মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। ওমান ১০ হাজার বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে। ইতালি প্রতিবছর প্রায় ১২ হাজার বাংলাদেশিকে পরিবারসহ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। কাতার দক্ষ ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এসি টেকনিশিয়ান ও প্লাম্বার নিতে চায়। পাশাপাশি দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ৬ হাজার দক্ষ চালক নিয়োগের কথা জানিয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন শ্রমবাজার সৃষ্টি ও কর্মী পাঠানোর সংখ্যা বাড়াতে সরকার কাজ করছে। শিগগিরই বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।





