বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের মোবাইল ক্লিনিক সেবা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৭:১৬:২১ অপরাহ্ন
মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে এবং মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী মো. জাকির খান, মো. সুরমান খান, দিলাল আহমেদ, আবদুল হাসিব বাসিত, ইকবাল হুসেন, আলী আহমেদ ও সয়ফুল আমিনের আর্থিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চিকিৎসা পরামর্শ, জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং (ভায়া ও সিবিই), ডায়াবেটিস নির্ণয়, পায়ুপথের বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা ও অ্যানাল স্ক্রিনিং, ফিজিওথেরাপি এবং পুনর্বাসন-সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুতুব উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী শামসুল ইসলাম, বেলাল আহমেদ, বিলাল উদ্দিন ও এনামুল ইসলামসহ অন্যরা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলতাফ হোসেন ও এনামুল হাসান লুদি রুহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বৃহত্তর সিলেটের বিভিন্ন উপজেলা ও দুর্গম এলাকায় বিনামূল্যে মোবাইল ক্লিনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি






