সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৭:০৫:২৯ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি আয়োজিত ‘সীরাত কনফারেন্স’-এর সীরাত কুইজ ও রাইটিং কনটেস্টে আটটি পুরস্কার অর্জন করেছেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। প্রতিযোগিতার দুটি বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন অবস্থানে সাফল্য অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এ সাফল্যের পর বিজয়ী শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাঁদের অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং আন্তরিক অভিনন্দন জানান।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, প্রতিযোগিতার দুটি বিভাগে সাফল্য অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছেন। তিনি আরও বলেন, লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরাম ইসলামি জ্ঞান প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফোরামের সদস্যদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের উপদেষ্টা ড. মো. জিয়াউর রহমান, সহ-উপদেষ্টা মামুনুর রশিদ, ফোরামের সভাপতি রুমেদ আল ইমরান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান উপস্থিত ছিলেন। তাঁরাও বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, সীরাত কুইজে দ্বিতীয় স্থান অর্জন করেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী মো. ইয়াসীন আহমদ। তৃতীয় স্থান অর্জন করেন একই বিভাগের ৬৮তম ব্যাচের উম্মে হাজেরা।
এ ছাড়া সীরাত কুইজে চতুর্থ স্থান অর্জন করেন ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের ৬৩তম ব্যাচের মাসুদা আক্তার, পঞ্চম স্থান অর্জন করেন সিএসই বিভাগের ৬৭তম ব্যাচের শাহরিয়ার আহমদ এবং ষষ্ঠ স্থান অর্জন করেন একই বিভাগের ৬৫তম ব্যাচের ওমর শরীফ।
অন্যদিকে, রাইটিং কনটেস্টে দ্বিতীয় স্থান অর্জন করেন বিবিএ বিভাগের ৬৪তম ব্যাচের নুরুল ইসলাম নাহিদ। এ বিভাগে অষ্টম স্থান অর্জন করেন সিএসই বিভাগের ৬৪তম ব্যাচের মাহিন আলম এবং নবম স্থান অর্জন করেন সিএসই বিভাগের ৬৮তম ব্যাচের উম্মে হাজেরা।
লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের (এলইউআইসিএফ) সদস্যদের এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি






