নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৭:২১:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তাদেরকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে তাদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় ছাত্রলীগের একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেফতার করে। এ সময় একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান। গ্রেফতার ছাত্রলীগ নেতা সিলেটের জকিগঞ্জ থানার ব্রাহ্মণগ্রামের জগদানন্দ পুরকায়স্থয়ের ছেলে জয়ানন্দ পুরকায়স্থ অর্নব (২৭)। তিনি জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য। অপরজন রানা আলী মাসুদ রানা (২৩)। তিনি হবিগঞ্জের মাধবপুর থানার চকদার বাড়ীর মো. জসিম আলীর ছেলে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





