আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৭:৫৩:৩২ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতচর্চাকে কেন্দ্র করে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উদ্যাপন উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ। তিনি কলাউড়া দারুচ্ছুন্নাৎ কাসিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী। এ সাফল্যের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নজরুল বর্ষ’ উদ্যাপন উপলক্ষে জেলা পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের চার জেলার প্রতিযোগীদের মধ্যে আবৃত্তি বিভাগে প্রথম স্থান অর্জন করেন আব্দুল্লাহ আল মারুফ।
এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে জেলা পর্যায়ে অংশ নেন তিনি। জেলা পর্যায়েও সাফল্য অর্জনের পর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন মারুফ।
বিভাগীয় পর্যায়ে বিজয়ী মারুফের হাতে সনদ তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহা. মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেটের পুলিশ সুপারসহ অন্যান্য অতিথি।
বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাওয়ায় আব্দুল্লাহ আল মারুফের এ সাফল্যে দোয়ারাবাজারের শিক্ষার্থী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জন ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।






