সীমান্তে ৪৮ বিজিবির চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৮:৪৬:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ভারতীয় কম্বল, গরু, চিনি, দুধ, ফুচকা, কসমেটিকস ও ট্রাকের রিম জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী সোনালীচেলা, ডিবিরহাওর, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্নধরনের ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।






