ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৯:০১:৫২ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন ও গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সিলেট বিভাগের মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান আশ্রয়স্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বারবার অনাকাক্সিক্ষত ও অপ্রীতিকর ঘটনা ঘটায় সিলেটের সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ধরনের ঘটনা একটি স্বনামধন্য চিকিৎসাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি চিকিৎসার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করছে এবং চিকিৎসক, রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি নষ্ট করছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময় পর কর্মস্থল পরিবর্তনের বিধান থাকলেও ওসমানী হাসপাতালে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের সুযোগে কিছু কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে, যা অনাকাক্সিক্ষত ঘটনার অন্যতম কারণ বলে সংগঠনটি মনে করে।
এ পরিস্থিতি নিরসনে জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সিলেটের স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রীবর্গসহ সরকারের নীতিনির্ধারকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম। সংগঠনটি হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি





