বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের সাপ্তাহিক সভা
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৬:২৪:২৪ অপরাহ্ন
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, নাগরিকত্বসংক্রান্ত জটিলতা নিরসন এবং পাওয়ার অব অ্যাটর্নি প্রদানের প্রক্রিয়া সহজ করার দাবিসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ।
বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নগরীর ৯ নম্বর সুরমা মার্কেটের তৃতীয় তলায় কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভায় এসব দাবি জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় বক্তারা বলেন, প্রবাসী সিলেটিরা দেশে-বিদেশে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বিমানবন্দরে হয়রানি, ভোটাধিকার প্রয়োগের জটিলতা, জমি ক্রয়-বিক্রয়, খাজনা পরিশোধ এবং পাওয়ার অব অ্যাটর্নি প্রদানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কারণে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।
সভায় সিলেট মহানগরে বাড়িভাড়া নীতিমালা না থাকায় অতিরিক্ত বাড়িভাড়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়। এ পরিস্থিতি থেকে নগরবাসীকে রক্ষা করতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি বাড়িভাড়া নীতিমালা প্রণয়নের আহ্বান জানান বক্তারা।
এছাড়া সিলেটসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।
সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, নেছারুল হক চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল অদুদ, অ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, সাংবাদিক এম. এ. হান্নান, ইকবাল হোসেন আফাজ, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট কামরুজ্জামান, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, দেওয়ান মতিউর রহমান খাঁন, মাহিদ আহমদ, রায়হান আহমদ শিমুল, রহিমা বেগম, ক্ষমা রাণী দে ও রুনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি





