সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৭:৫৬:৩৯ অপরাহ্ন

মরমী কবি হাছন রাজাকে স্মরণ করে সিলেটে আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘হাছন উৎসব-২০২৬’। প্রতিবছরের ধারাবাহিকতায় নগরীর সারদা হলের সামনে ক্বীনব্রিজের নিচে সিলেটি ঐতিহ্য চত্বরে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসব সফল করতে বিভিন্ন উপ-কমিটিও ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব উপ-কমিটি ঘোষণা করা হয়।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, মরমী কবি হাছন রাজাকে জমিদার হিসেবে বেশি প্রচার করা হয়েছে। অথচ তিনি ছিলেন মরমী ও সুফিবাদী দর্শনের অনুসারী এবং একজন দরবেশ। তাঁর এই পরিচয় যথাযথভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা সম্ভব হয়নি। এটি আমাদের ভুল ছিল। এখন সেই ভুল সংশোধনের সময় এসেছে।
সভায় হাছন উৎসব-২০২৬ উদযাপন কার্যকরী পরিষদের অধীনে বিভিন্ন উপ-কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি






