ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:১৩:৩২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২ কোটি ২৩ লাখে দাঁড়াতে পারে। তখন আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে উঠে আসবে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)।
সংবাদ সম্মেলনে বিইএসের সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারিয়া আফসানা বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী প্রত্যেকের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের ওজন বেশি, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো প্রয়োজন।
তিনি বলেন, শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। রক্তে গ্লকোজ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট (ওজিটিটি) ও এইচবিএ১সি পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা যায়। ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর থেকেই চোখ, কিডনি, স্নায়ু ও পায়ের রক্তসঞ্চালন পরীক্ষা করা প্রয়োজন বলে জানান তিনি। পাশাপাশি রক্তে শর্করা, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাদা সেলিম বলেন, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে শৈশব থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়স উপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু করা প্রয়োজন।





