নজরদারিতে সব বিমানবন্দর
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:১৯:২০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের ফটকের পাশে ফুলগাছের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করার ঘটনায় দেশের সব বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদফতার থেকে শাহজালাল ও ওসমানী বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়।
বেবিচকের সূত্র জানায়, দেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পাশাপাশি একটি গোষ্ঠী দেশের মধ্যে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো নাশকতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কারণে বিমানবন্দরের নিরাপত্তায় যেন ঘাটতি না থাকে বা বিমানবন্দরকে টার্গেট করে কোনও ধরনের নাশকতা না হয়, সে ব্যাপারে শতভাগ সতর্ক থাকার ব্যাপারে বলা হয়। পাশাপাশি ২৪ ঘণ্টা প্যাট্রোলিংয়ের ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরসহ এর আশপাশ কঠোর নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আাসিফ ইকবাল বলেন, শাহজালাল বিমানবন্দরের সামনে ককটেল ও শাহ মখদুম বিমানবন্দরের বাইরে গ্রেনেড পাওয়ার বিষয়টি আমরা সতর্কের সঙ্গে নিয়েছি। এরপর থেকে সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চলছে। থানা পুলিশের পাশাপাশি এপিবিএনও এ বিষয়ে কাজ করছে। আসিফ ইকবাল বলেন, বর্তমানে দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকা আমাদের ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে রয়েছে।





