এসআরবির পৃথক অভিযানে আটক ৩
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৯:০৩:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৯) পৃথক অভিযানে সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে হত্যা মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কিশোরী অপহরণ মামলার এক পলাতক আসামি, স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি রয়েছেন।
এসআরবি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প ও সদর কোম্পানি, সিলেটের যৌথ আভিযানিক দল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী রোডের আবিদ প্লাজার আমার বাড়ি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এমাদ মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি মৌলভীবাজার সদর থানার একটি অপহরণ মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।
মামলার বিবরণে জানা যায়, গত ২ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরী ওষুধ আনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যদের সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে মৌলভীবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় জুড়ী উপজেলার হাফিজিয়া এলাকায় এমাদ মিয়ার মামা জমির মিয়ার বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় মামলা করেন। ওই মামলায় এমাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এদিকে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি দল আশুগঞ্জ উপজেলার চরচারতল ইউনিয়ন পরিষদের পেছনে রেললাইনে অভিযান চালিয়ে কুদ্দুস মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার স্ত্রী হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।
মামলার বিবরণে জানা যায়, গত ২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই ব্যক্তির স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্ত্রীর কাছে ২০ হাজার টাকা দাবি এবং তা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের পুত্রবধূ রেহেনা আক্তার বাদী হয়ে কুদ্দুস মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে এসআরবি-৯-এর সিপিসি-২, মৌলভীবাজারের একটি দল কুলাউড়া উপজেলার ভাটেরা বাজারে অভিযান চালিয়ে দীপ রবিদাস প্রকাশ দূর্বা (৬৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে। তিনি রাজনগর চা বাগান এলাকার বাসিন্দা। রাজনগর থানার ২০১৩ সালের একটি হত্যা মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।





