নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৯:১৩:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর মির্জাজাঙ্গাল ও বাগবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সোহেল আহমদ (২০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাইম উল ইসলাম নাইম (২৪) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া কাজীবাড়ী গ্রামের শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ (২৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেল আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নাইম ও জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুন কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার নগরীর টিলাগড় এলাকায় মিছিল করার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারাও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের অনুসারী বলে জানা গেছে।





