মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৭:৪৯:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভাস্থ স্টেডিয়াম পাড়ার এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গেদু মিয়ার বাড়ির গেদু মিয়ার পুত্র মো. হাসক মিয়া (২৯), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাংখারচর গ্রামের মৃত হানেফ সরদারের পুত্র রাকিব সরদার (২৩) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মোঃ দূত মিয়ার পুত্র হাসানুর জামান (৩০)।
এসআরবি-৯ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত এসআরবির একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভাস্থ স্টেডিয়াম পাড়ার পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করে একটি কাভার্ড ভ্যানকে সংকেত দিয়ে থামানো হলে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তখন তাদের আটক করা হয়। পরে কাভার্ড ভ্যানের ভেতর থেকে তিনটি কাগজের কার্টনে ৩৬টি নীল রঙের পলিথিন ও খাকি রঙের কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন যে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছিলেন। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





