সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৭:৫৩:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধিন এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
এসআরবি-৯ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সুবিদবাজার ফাজিল চিশত এলাকায় জেসি ট্রাস্ট হাউজ মার্কেটের সামনে চেকপোস্ট বসায় এসআরবি। চেকপোস্টে একটি ট্রাক থামার সংকেত দিলে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তখন তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে বিশেষভাবে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সুলতানপুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার পুত্র মো. সমসু মিয়া (৪২) এবং মৌলভীবাজার সদর উপজেলার বশিজোড়া গ্রামের মৃত মোঃ রশিদ গাজীর পুত্র মো. পারভেজ (২৮)।
শুক্রবার (১৩ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেয়ারডিল সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ও জব্দকৃত আলামতসহ আটককৃতদের এসএমপির কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





