সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৮:১৭:৩৯ অপরাহ্ন

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘সামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা-২০২৬’ উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে বাঁধন সিকৃবি সিলেট জোনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে মূল ফটক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংগঠনের ১৪ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ‘সামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা-২০২৬’ প্রদান অনুষ্ঠান।
বাঁধন সিকৃবি ইউনিটের ২০২৬ কার্যকরী পরিষদের সভাপতি মাহবুব হাসান সৈকতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বনন সম্যক ধর ও সহসাধারণ সম্পাদক রোকসানা আক্তার রিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে বাঁধনের যে মহতী যাত্রা শুরু হয়েছিল, সেই উদ্যোগের সঙ্গে যুক্ত সাহসী তরুণ-তরুণীদের তিনি স্মরণ করেন। এ সময় তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রয়াত সামসুন্নাহার মিলির অবদানের কথা উল্লেখ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন বলেন, রক্তদাতা সংগঠন হিসেবে বাঁধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে রক্তের অভাবে অনেক মানুষ মারা যায়, বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহতদের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে স্বেচ্ছায় রক্তদাতাদের অবদান রাখার অনেক সুযোগ রয়েছে। একটি প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যস্ততার মধ্যেও শিক্ষার্থীরা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবিক কাজ করে যাচ্ছে—এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি




