মালিক শ্রমিক দ্বিধাবিভক্তিতে সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ১১:২১:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে মালিক-শ্রমিক সংগঠনগুলোর দ্বিধাবিভক্ত অবস্থানের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে সোমবার থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। তিন দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হলেও পরিবহন খাতের একটি বড় অংশ এর বিরোধিতা করে যানবাহন চালু রাখার ঘোষণা দেয়। পাল্টাপাল্টি সভা ও বক্তব্যে কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে রোববার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদরদপ্তরে ধর্মঘট আহ্বানকারী মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ধর্মঘট আহ্বানকারী মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
এর আগে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর কথা ছিল। তবে এ কর্মসূচির বিরোধিতা করে শনিবার সন্ধ্যায় সভা করে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় সভায় নেতারা ধর্মঘটে অংশ না নেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে রোববার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে সাধারণ পরিবহন মালিক-শ্রমিকদের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আব্দুর রহিম। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান সাহাব উদ্দিন। সিলেট-ঢাকা দক্ষিণ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ সেলিম আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-খাদিমপুর বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সৈয়দ মৌরশ আলী, সহসভাপতি শামসুদ্দিন বাবুধন, সিলেট-জকিগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের সহসভাপতি মুক্তার আহমদ ও মামুনুর রশিদ মামুন, জকিগঞ্জ নির্বাচন সদস্য আব্দুল মুহিত, সিলেট-কুলাউড়া বাস-মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মানিক আহমদ, সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আব্দুল মুকিত এবং ওসমানী মেডিকেল শ্রমিক শাখার সভাপতি আবু ইউসুফ প্রমুখ।
সভায় সাহাব উদ্দিন বলেন, একটি হত্যা মামলাকে কেন্দ্র করে পুরো পরিবহন খাত অচল করে দেওয়া জনস্বার্থবিরোধী। সাধারণ মালিক-শ্রমিকদের এ কর্মসূচির সঙ্গে সম্পর্ক নেই। তিনি সোমবার মাঠে থেকে যানবাহন চালু রাখার আহ্বান জানান।
অন্যদিকে ধর্মঘটের পক্ষে অনড় অবস্থানে ছিল সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। শনিবার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। সভায় কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ অন্য নেতারা ধর্মঘট সফল করার আহ্বান জানান।
তাদের দাবি, ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ কয়েকজন শ্রমিক নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ করতে হবে। এ ছাড়া নগর থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহারসহ আরও কিছু দাবি জানান তারা। ৮ নভেম্বর প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরও কার্যকর উদ্যোগ না পাওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান শ্রমিক নেতারা।
তবে মালিক-শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান এবং পুলিশের সঙ্গে রাতের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার হওয়ায় সোমবারের সম্ভাব্য পরিবহন অচলাবস্থার আশঙ্কা আপাতত কাটল।




