ঢাকা-কুয়ালালামপুর সম্পর্কে নতুন গতি, ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৫:৫৭:২২ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া : বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বার্তা নিয়ে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দিনের সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রমবাজার ও নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।
তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রায় পাঁচ মাসের মাথায় ফিরতি সফরে আসছেন আনোয়ার ইব্রাহিম। বিএনপি সরকার গঠনের পর কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর। ফলে কূটনৈতিক ও রাজনৈতিক দিক থেকে এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী ৭-৮ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সূচি নির্ধারণ করা হয়েছে। ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। ঢাকা সফর শেষে তাঁর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার কথা রয়েছে। ঢাকায় তাঁর অবস্থান হতে পারে ১২ থেকে ১৩ ঘণ্টা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুনে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। কুয়ালালামপুর সফর শেষে তিনি চীন সফর করেন। ওই সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগসংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।
সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছিলেন, এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন। তারেক রহমানের সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, এবারের সফরে সেগুলোর অগ্রগতি পর্যালোচনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক সফর ঢাকা ও কুয়ালালামপুরের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে এ সফর।




