বিস্ফোরক পাচারের নিরাপদ রুট চা-বাগানের পথ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৬:০৬ অপরাহ্ন
সিলেট সীমান্তজুড়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার : সিলেটের সীমান্তবর্তী চা-বাগান ও পাহাড়ি পথকে বিস্ফোরক চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। গত তিন দিনের ব্যবধানে কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটর, ফিউজ ও ডেটোনেটিং কর্ড উদ্ধারের পর এমন আশঙ্কা জোরালো হয়েছে। তবে কোনো অভিযানে বহনকারীদের আটক করা সম্ভব হয়নি। এসব বিস্ফোরকের উৎস, গন্তব্য ও ব্যবহারের উদ্দেশ্য নিয়ে সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত শনিবার ভোরে কানাইঘাট উপজেলার নুনছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়। উদ্ধার করা বিস্ফোরকের গায়ে ইংরেজিতে ‘হাই পাওয়ার ইমালশন এক্সপ্লোসিভস’ লেখা ছিল।
এর তিন দিন পর গত মঙ্গলবার রাতে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা-বাগানের খরমপুর এলাকায় অভিযান চালায় ৪৮ বিজিবির একটি বিশেষ দল। বিস্ফোরক শনাক্তে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের কুকুর ‘মিকি’কে ব্যবহার করে এ অভিযানে ৫০টি জেল বিস্ফোরক, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকারীরা চা-বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের জন্য সিভিল সোর্স নিয়োগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ সীমান্ত এলাকার চা-বাগান ও পাহাড়ি পথ দীর্ঘদিন ধরে চোরাচালানের জন্য ব্যবহৃত হচ্ছে। দুর্গম ভূপ্রকৃতির সুযোগ নিয়ে এসব পথে বিস্ফোরক, পাওয়ার জেল ও ডেটোনেটর দেশে আনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে সাম্প্রতিক দুটি চালানের সঙ্গে কারা জড়িত কিংবা এগুলোর গন্তব্য কোথায় ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের আশঙ্কা, এসব বিস্ফোরক অপরাধী চক্র বা নাশকতাকারীদের হাতে পৌঁছালে জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। সীমান্তে নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক দেশের ভেতরে প্রবেশ করছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এদিকে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার রাখার কথা জানিয়েছে বিজিবি। বাহিনীটির দাবি, সিলেট সেক্টরের ৫৬টি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) ১ হাজার ২০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতি রাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ৪০টি চেকপোস্ট সক্রিয় রাখা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের পাশাপাশি থার্মাল ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চলছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।




