জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৮:৫৯:৩৫ অপরাহ্ন

সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শিবগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের পরিচালনায় পথসভায় সভাপতির বক্তব্য দেন জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল।
তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি আবারও দেশব্যাপী অস্থিতিশীলতা, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগসহ জননিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের মানুষ আর কোনোভাবেই সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদী দুঃশাসনে ফিরে যেতে চায় না।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য থাকতেই পারে। তবে ফ্যাসিবাদবিরোধী অবস্থানের প্রশ্নে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। অতীতে যেভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করা হয়েছে, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। বিক্ষোভ মিছিলে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সাবেক ও বর্তমান শতাধিক নেতাকর্মী অংশ নেন। বিজ্ঞপ্তি





