কমলগঞ্জে বিয়ের দিন বর উধাও
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৭:২৪:০৭ অপরাহ্ন
কমলগঞ্জ সংবাদদাতা: বিয়ের সব আয়োজন সম্পন্ন। আত্মীয়স্বজনকে দাওয়াত, বরযাত্রীদের আপ্যায়নে গরু কেনাসহ সব প্রস্তুতিও শেষ। মেহেদিরাঙা হাত নিয়ে বসে আছেন কনে কিন্তু নির্ধারিত দিনে বর না আসায় ভেঙে যায় বিয়ের আয়োজন। পরে বিয়ে না করার কারণ জানতে গেলে আরও দেড় লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ উঠেছে বর ও তার পরিবারের বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের খয়রুন বেগম (৩৫) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওমান প্রবাসী জালালপুর গ্রামের আবাছ আলী কনে পরিবারের পূর্বপরিচিত ছিলেন। প্রবাসে থাকাকালে বিভিন্ন পর্যায়ে তাকে ৩ লাখ ৫০ হাজার টাকা দেন বলে দাবি করেন খয়রুন। পরে ২০ নভেম্বর তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। এর আগে মোটরসাইকেল কেনার জন্য ১৯ নভেম্বর নগদ ১ লাখ ৬০ হাজার টাকা দেওয়ার অভিযোগ করেন তিনি।
কিন্তু বিয়ের নির্ধারিত দিনে বরপক্ষ উপস্থিত হয়নি। পরে খয়রুনের মা ও ভাই কারণ জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে আরও দেড় লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিয়ের আয়োজন ও আপ্যায়নে প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও দাবি করেন খয়রুন।
তবে অভিযোগ অস্বীকার করে আবাছ আলীর ভাই ইয়াছিন মিয়া দাবি করেন, দুই পরিবারের মধ্যে ২০ লাখ ২৭ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে তারা মাত্র ১ লাখ টাকা পেয়েছেন, বাকি টাকা খয়রুনের বাবা-মায়ের ব্যাংক হিসাবে জমা রয়েছে। এ বিষয়ে রসিদ ও ব্যাংক স্টেটমেন্টও রয়েছে বলে জানান তিনি। খয়রুনের আগের বিয়ে ও সন্তান থাকার তথ্য গোপন করা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, “আমি বিয়ের বিষয়টি জানি না, ঋণের বিষয়টি জানি। বিয়ের বিষয়ে উভয় পক্ষ আমাকে কিছু জানায়নি। পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।”
কমলগঞ্জ থানার ওসি শফিকুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি।”




