এআইতে ছবি বিকৃত করে অপপ্রচার, সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:২১:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ফেসবুকে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি বিকৃত, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানহানিকর পোস্ট এবং ব্ল্যাকমেইলের অভিযোগে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন এক স্বেচ্ছাসেবক দল নেতা। গত ১৮ নভেম্বর সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২/২৫/২৭ ধারায় চারজনকে আসামি করে মামলা করেন সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম রাসেল। সাইবার পিটিশন মামলা নং-২৪৪/২০২৬।
সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) ফেরদৌস আরা মামলাটি আমলে নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জায়েদ হাসান। তিনি বলেন, বুধবার (২৫ নভেম্বর) আদালতের সার্টিফাইড কপি হাতে পেয়েছি।
মামলার আসামিরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার বনগাঁও গ্রামের নুরু হকের পুত্র আবু তালহা (৩৫), একই উপজেলার বাতিরকান্দি গ্রামের আব্দুল মন্নানের পুত্র খালেদ হাসান (৩৩), সিলেটের জালালাবাদ থানার বনগাঁও গ্রামের আব্দুল জলিলের পুত্র কামরুল হাসান নাসিম (৩২) এবং গোলাপগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি এলাকার আব্দুল গনির পুত্র মিজানুর রহমান (৩০)।
মামলার অভিযোগে বলা হয়, গত ৮ নভেম্বর প্রথম আসামি আবু তালহা তাঁর ফেসবুক আইডি থেকে বাদীর নাম, পদবি ও এআই প্রযুক্তিতে সম্পাদিত ছবি ব্যবহার করে একাধিক পোস্ট দেন। এসব পোস্টে তাঁকে চাঁদাবাজি, কালোবাজারি ও বিভিন্ন বালুমহাল থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। তাঁকে সন্ত্রাসী আখ্যা দিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। পরে অপর তিন আসামি পোস্টগুলো শেয়ার করে আরও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১৫ নভেম্বর বাদী মেসেঞ্জারে এসব পোস্টের কারণ জানতে চাইলে প্রথম আসামি তাঁর কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে আরও তথ্য প্রকাশের হুমকিও দেন। একই দিন বাদীর ছবির সঙ্গে অপরিচিত এক নারীর ছবি এআই প্রযুক্তিতে সম্পাদনা করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পরবর্তী সময়ে অন্য আসামিরাও সেটি শেয়ার করেন। এসব কর্মকাণ্ডে তাঁর রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন বাদী।
এ ঘটনায় আদালত গত ১৮ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী বাদীর জবানবন্দি গ্রহণ করেন। নালিশি দরখাস্ত ও জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়ায় আদালত তদন্তের নির্দেশ দেন। আগামী ২০ জানুয়ারি ২০২৭ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
বাদী জাহাঙ্গীর আলম রাসেলের অভিযোগ, পরিকল্পিতভাবে ছবি বিকৃত, মিথ্যা তথ্য প্রচার এবং অর্থ দাবি করে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।





