হামে আরও ৭ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৭:৫২:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও নতুন করে ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক পৃথক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৫৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, খুলনা বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।
এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে।




