সুনামগঞ্জে জুলাই পদযাত্রা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ৮:০৯:০১ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি আগামী শুক্রবার সুনামগঞ্জে অনুষ্ঠিত হবে। পদযাত্রা শেষে বিকেল ৩ টায় শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ১১ টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে এনসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জুলাই-আগষ্টে বিপ্লবে শহীদদের মাগফিরাত ও আহতদের সমবেদনা জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানে অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি সুনামগঞ্জ আগামী ২৫ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক স্বাক্ষী হতে চলছে শান্তির শহর সুনামগঞ্জ। যাদের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, তারা প্রথমবারের মত সুনামগঞ্জে আসছেন। পদযাত্রাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সবাই মিলে প্রোগ্রাম সফল করতে এগিয়ে আসার আহবান জানান তিনি | এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, সারাদেশে জুলাই পদযাত্রার ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী শুক্রবার সুনামগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই রাতে এনসিপির জাতীয় নেতারা সুনামগঞ্জে রাত্রিযাপন করবেন। ২৫ জুলাই শহরের মডেল মসজিদে জম্মার নামাজ শেষে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি মডেল মসজিদ থেকে কালীবাড়ি হয়ে পুরাতন বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা হয়ে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হবে। পদযাত্রায় প্রায় ১৫ হাজার লোক অংশগ্রহণ করবেন এবং সব রাজনৈতিক দল তাদের পদযাত্রাকে স্বাগত জানাচ্ছেন। এরপরও কোন সংঘাতের আশংকা থাকলে আমরা সতর্ক রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। তারা নিরাপত্তা বজায় রাখতে ভুমিকা রাখবেন।







