জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়ন বিভক্তির গণশুনানি
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৭:৪১:৫৪ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভৌগোলিক আকারে বড় ও জনসংখ্যায় বেশী হওয়ায় ফেনারবাঁক ইউনিয়ন বিভক্তিকরণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফেনারবাঁক গ্রামে স্থাপিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা কংকন সরকারের সঞ্চালনায় গণশুনানিতে মতামত ব্যক্ত করেন ফজলুল কাদের চৌধুরী, আজাদ হোসেন বাবলু, জুলফিকার চৌধুরী রানা, শ্রীকান্ত তালুকদার, নবী হোসেন, আব্দুল মন্নান মোল্লা, মোজাম্মেল হোসেন চৌধুরী, জসিম উদ্দিন, রজব আলী ও আসাদ আলী প্রমুখ।
গণশুনানিতে ইউনিয়নের সকল ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা ইউনিয়ন বিভক্তিকরণের পক্ষে মতামত প্রদান করেন ও প্রশাসনিক সুবিধা ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, ফেনারবাঁক ইউনিয়নে মোট ৫২টি গ্রাম রয়েছে। ৫১ বর্গকিলোমিটার আয়তনের ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০ হাজার। দীর্ঘদিন ধরেই স্থানীয়রা ইউনিয়নটি বিভক্ত করার দাবি জানিয়ে আসছেন।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা ফেনারবাঁক পূর্ব ও ফেনারবাঁক পশ্চিম ভাগে বিভক্ত করে পৃথক দুটি ইউনিয়ন গঠনের প্রস্তাবনায় সম্মতি জ্ঞাপন করেন।






