সুনামগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ৭:১৫:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে ২৮ বিজিবি।
সোমবার রাত ১২ টার দিকে উপজেলার ১নং বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৯০/১৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়া নামক স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চৌদ্দ লক্ষ সত্তর হাজার টাকা।
এ ব্যাপারে ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির মঙ্গলবার বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ব্লেজারের কাপড় শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






