শ্রমিক বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৪০০ কারখানায় ছুটি
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ২:০০:২৫ অপরাহ্ন
মিরপুর-গাজীপুরে সাত মামলায় আসামি সাড়ে ১৪ হাজার, গ্রেপ্তার অন্তত ৫২
আট কারখানায় হামলা-ভাঙচুর, আহত ১২ পুলিশ সদস্য

জালালাবাদ ডেস্ক: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ ও কালো তালিকাভুক্তি বাতিলের দাবিতে পোশাকশ্রমিকদের টানা বিক্ষোভে অস্থির হয়ে উঠেছে দেশের প্রধান তৈরি পোশাকশিল্পাঞ্চল। আন্দোলন, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার সাভার-আশুলিয়া ও গাজীপুরের প্রায় ৪০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাভার-আশুলিয়ায় ২৬৪টি এবং গাজীপুরে দেড় শতাধিক কারখানা রয়েছে। এ ছাড়া সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের আটটি কারখানায় হামলা ও ভাঙচুরের খবর জানিয়েছে শিল্প পুলিশ।
রাজধানীর মিরপুরেও শ্রমিকদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। গাজীপুরে পৃথক তিন মামলায় আসামি করা হয়েছে প্রায় চার হাজার ব্যক্তিকে। দুই শিল্পাঞ্চলে এসব ঘটনায় অন্তত ৫২ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আন্দোলন ঘিরে সংঘর্ষে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কোথাও মহাসড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও আন্দোলন থামেনি। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগ করেছে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকে কাজে লাগিয়ে একটি পক্ষ সহিংসতা ও নাশকতার চেষ্টা করছে। ফলে শ্রমিকদের মজুরি ও চাকরির নিরাপত্তার দাবি এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখার প্রশ্নে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সাভার-আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি, আটটিতে ভাঙচুর
শ্রমিকদের ধারাবাহিক বিক্ষোভ ও সহিংসতার মধ্যে সোমবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ২৬৪টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ-১-এর আশুলিয়া অঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া বিকেলে এ তথ্য জানান।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, পিকার্ড বাংলাদেশ লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার লিমিটেড, ফেরারী গার্মেন্টস লিমিটেড, ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড এবং জি কিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে আর্টিস্টিক ফ্যাক্টরির সামনে শ্রমিকদের বিক্ষোভের সময় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
শ্রমিকদের আন্দোলনের কারণে এসব কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার ফটক ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গাজীপুরে দেড় শতাধিক কারখানা বন্ধ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে সোমবারও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। কোনাবাড়ী, সফিপুর, মৌচাক, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় গাজীপুরের দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং বাস-ট্রাক ভাঙচুর করেছেন। এ কারণে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল থেকে শ্রমিকেরা বিভিন্ন মহাসড়কের পয়েন্টে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। নাওজোড় এলাকায় পুলিশের একটি গাড়ি এবং সফিপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশ পৃথকভাবে মামলাগুলো করেছে। শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুরে চার মামলায় সাড়ে ১০ হাজার আসামি:
রাজধানীর মিরপুরে টানা দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সোমবার দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য জানান। মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁর থানায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে তাঁর থানায় তিনটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় অজ্ঞাতপরিচয় দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির দাবি, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকে কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী সহিংসতা সৃষ্টির চেষ্টা করেছেন। তাঁদের একটি অংশ অনলাইন গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়েছিল বলেও দাবি করেছে সংস্থাটি। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
নারায়ণগঞ্জে চার ঘণ্টা সড়ক অবরোধ:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কও অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে পুলিশের সঙ্গে আলোচনার পর বেলা চারটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তবে নারায়ণগঞ্জের এ ঘটনায় কোনো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আহত ১২ পুলিশ সদস্য, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মহাসড়ক, কারখানার ফটক এবং শিল্পাঞ্চলের প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে শ্রমিক আন্দোলনের মধ্যে বহিরাগতদের অনুপ্রবেশের আশঙ্কায় গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। ভাড়াটিয়াদের পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তি বা অপরাধ চক্রের সদস্য বাসায় অবস্থান করলে দ্রুত পুলিশ বা উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।
কঠোর অবস্থানে সরকার:
সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরিতে কিছু শিল্পমালিক এবং শ্রমিক সংগঠনের ব্যানারে থাকা কয়েকজন ব্যক্তি জড়িত। তাঁদের কর্মকাণ্ডের ভিডিও, অডিও ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর জানান, শ্রমিক আন্দোলনের নামে সড়ক-মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রোববার শ্রমিক অসন্তোষের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করে জরুরি বৈঠকে যোগ দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন মজুরি বোর্ড গঠন, তবু থামেনি আন্দোলন:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি পুনর্নির্ধারণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি একজন নিরপেক্ষ সদস্যও বোর্ডে রয়েছেন।
সরকারের পক্ষ থেকে দ্রুত সভা করে মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের সড়ক ছেড়ে কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। কিন্তু বোর্ড গঠনের পরও বিক্ষোভ অব্যাহত থাকায় শিল্পাঞ্চলে অস্থিরতা কাটেনি।
মজুরি বৃদ্ধি, বকেয়া পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবির দ্রুত নিষ্পত্তি না হলে শ্রমিক অসন্তোষ আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ধারাবাহিক ছুটি ও উৎপাদন ব্যাহত হওয়ায় তৈরি পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম নিয়েও উদ্বেগ বাড়ছে।





