শাবিতে প্রকৌশল অধিকার আন্দোলনের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৭:৫৪:৪০ অপরাহ্ন

শাবি প্রতিনিধি: ডিপ্লোমা করা শিক্ষার্থীদের পক্ষ থেকে বিএসসি প্রকৌশলীদের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকৌশল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সিভিল, আইপিই, মেকানিক্যাল ও ইইইসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। সমাবেশে তারা পরীক্ষার মাধ্যমে ৯ম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ, ১০ম গ্রেড উন্মুক্তকরণ এবং ‘বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার নয়’ নীতি বাস্তবায়নের দাবি জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে ২০টিরও বেশি প্রতিষ্ঠানে কোনো বিএসসি প্রকৌশলী নেই। অথচ ডিপ্লোমাধারীরা কোটা সুবিধা নিয়ে ৯ম ও ১০ম গ্রেডে প্রবেশ করছে এবং উল্টো বিএসসি প্রকৌশলীদের অবমাননা করছে।
প্রকৌশলী অধিকার আন্দোলন শাবিপ্রবির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাছুদ অভিযোগ করে বলেন, ১৩তম গ্রেডের ব্লক সুপারভাইজার, টেকনিশিয়ান বা মেকানিক থেকে ১০০% কোটায় ১০ম গ্রেড দখল করা হচ্ছে। এমনকি বিসিএস ক্যাডারের মতো মর্যাদাপূর্ণ ৯ম গ্রেডের প্রথম শ্রেণির পদেও ৬০-৭০% বা তারও বেশি ডিপ্লোমা কোটা দিয়ে ভরে দেওয়া হচ্ছে। অথচ যাদের ১৫তম গ্রেডের আবেদনের যোগ্যতা নেই, তারা কোটার জোরে ৯ম ও ১০ম গ্রেডে প্রবেশ করছে।






