ডা: শফিকের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ‘গভীর ষড়যন্ত্র’ বলছে জামায়াত
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আর এটি ষড়যন্ত্রমূলকভাবে বলে অভিযোগ করেছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে। জামায়াতের তথ্যপ্রযুক্তি দল এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। কারা এ কাজ করেছে, সেটি জানার চেষ্টা করছে। যারা জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে, তারা কয়েক দিন ধরেই এ প্রস্তুতি নিচ্ছে বলেন তিনি।
জামায়াত নেতা আরও বলেন, এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ ও আপত্তিকর পোস্ট দিয়েছে। এতে বোঝা যায়, ঠাকুরঘরে কে রে, আমি কলা খাইনি। কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামায়াতের আশঙ্কা, এ কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী জড়িত আছে।
জুবায়ের বলেন, অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে শনিবার রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী সময়ে আইনিসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাককে ‘চরম বাড়াবাড়িমূলক কাজ’ উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ কাজের মাধ্যমে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুন্ন করার একটি অপপ্রয়াস দেখা যাচ্ছে। জামায়াতকে জনগণের সামনে হেয় করে দেখানোর চেষ্টা হচ্ছে। নারীদের সম্মানের বিষয়ে জামায়াতের অবস্থান একেবারেই স্পষ্ট। দলের আমীর নির্বাচনী জনসভাগুলোয় নারীদের সম্মান করার বিষয়টি বারবার বলে যাচ্ছেন। এ কারণে একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্র করছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হবে, তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, জামায়াত আমীরের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শনিবার বিকেল ৪টায় সর্বশেষ পোস্ট করা হয়েছিল। এরপর সেটি হ্যাক করে ৪টা ৩৭ মিনিটের দিকে একটি আপত্তিকর পোস্ট করা হয়েছে। এটি জামায়াত জানতে পারে বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে। এরপর জামায়াত আমীরের এক্স হ্যান্ডল যাঁরা পরিচালনা করেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, এটি হ্যাক করা হয়েছে।
সিরাজুল ইসলাম আরও বলেন, এরপর ৫টা ৯ মিনিটের দিকে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয় এবং ৫টা ২২ মিনিটে একটা রিজয়েন্ডার দিয়ে জানানো হয়, অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এরপর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাধারণ ডায়েরি (জিডি) করেছে জামায়াত। শুধু দলের আমির নয়, জামায়াতে ইসলামীর বেশ কয়েকটি পেজের ওপরে কিছুদিন ধরে সাইবার হামলার চেষ্টা করা হচ্ছে ।
প্রকৌশলী মাহমুদুর রহমান একটি প্রেজেন্টেশনের মাধ্যমে জামায়াতের আমীর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করা হয়েছে, তা দেখান ।মাহমুদুর রহমান বলেন, গতকাল বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেটি দেখতে পেয়ে ৫টা ৯ মিনিটে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করা হয়েছে। শুধু তাুই নয়, জামায়াত আমীরের এই পোস্টের পরে বিকেল ৪টা ৫৩ মিনিটের দিকে দলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের এক্স অ্যাকাউন্ট থেকেও এ বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, একসঙ্গে দুটি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির জামায়াত আমীরের অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যে স্ক্রিনশট নিয়ে সেটি পাঁচ থেকে ছয় ঘণ্টা পরে প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলেন মাহমুদুর রহমান। তিনি বলেন, তবে আমিরের অ্যকাউন্ট থেকে পোস্ট করার আধা ঘণ্টার মধ্যেই জামায়াত বিবৃতি দিয়ে জানিয়েছে, আইডি হ্যাক করা হয়েছে।





