একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫:৫৬ অপরাহ্ন
৪৫৫ শিক্ষার্থীও পায়নি কোনো কলেজ

স্টাফ রিপোর্টার : একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপেই সিলেট শিক্ষা বোর্ডের ১০টি কলেজে একজন শিক্ষার্থীও ভর্তি হওয়ার সুযোগ পায়নি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির ফল প্রকাশের পর এমন চিত্র সামনে এসেছে। শিক্ষার্থীশূন্য এসব প্রতিষ্ঠানের মধ্যে সিলেটের দুটি, সুনামগঞ্জের দুটি, মৌলভীবাজারের দুটি ও হবিগঞ্জের চারটি কলেজ রয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, সিলেট শিক্ষা বোর্ডের অধীন কলেজগুলোতে একাদশে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করেন ৪৮ হাজার ৩৩৬ জন। এর মধ্যে ৪৭ হাজার ৮৮১ জন বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তবে ৪৫৫ জন কোনো কলেজেই ভর্তির জন্য নির্বাচিত হননি। এর আগে গত বুধবার রাতে একাদশে ভর্তির ফলাফল প্রকাশিত হয়।
বোর্ড সূত্র জানায়, বিভাগের চার জেলায় মোট ৩৪৯টি কলেজে একাদশ শ্রেণিতে ১ লাখ ৪৩ হাজার ৫৬০টি আসন রয়েছে। অথচ বিপুলসংখ্যক আসন খালি থাকার মধ্যেই ১০টি কলেজ প্রথম ধাপে একজন শিক্ষার্থীও পায়নি। সিলেটের বিশ্বনাথের আশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও জৈন্তাপুরের রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এ তালিকায়।
শিক্ষার্থী না পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো-সুনামগঞ্জের শাল্লার চনারচর এসইএসডিপি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ও মিতালী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ; মৌলভীবাজারের রাউতগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজ ও রেনার হাই স্কুল অ্যান্ড কলেজ; হবিগঞ্জের হাজী আব্দুল হেকিম স্কুল অ্যান্ড কলেজ, মানবকল্যাণ হাই স্কুল অ্যান্ড কলেজ, প্রেমদাময়ী হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ডা. মহিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ।





