দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৮:৩৪ অপরাহ্ন

বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রতিক্রিয়া সভা রোববার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ তয় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জানান। পাশাপাশি পুণ্যভূমি বৃহত্তর সিলেট, সিলেট জেলা ও মহানগরে জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সিলেট বিভাগের উন্নয়নের স্বার্থে জাতীয় সংসদে ও জাতীয় সংসদের বাইরে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সহ সভাপতি ডা. অরুণ কুমার দেব, মো. লায়েক মিয়া, আইন বিষয়ক সম্পাদক অরুণ চন্দ্রনাথ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য মাহবুব ইকবাল মুন্না, যুব ফোরামের যুগ্ম আহবায়ক শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ নিপু ও মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি





