মনছব আলী ছাতাপীর এর ঈসালে সাওয়াব মাহফিল ২৫ মার্চ
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৩:৪৯ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় শাহ সূফী মাওলানা মনছব আলী ছাতাপীর (রহ.)-এর ২৫তম ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর ছাতাপীর (রহ.) এর গৌড়করণস্থ নিজ বাড়িতে আয়োজিত এ সভায় মাহফিল পরিচালনা কমিটির সভাপতি আসদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিদের সর্বসম্মতিক্রমে আগামী ২৫ মার্চ বুধবার ঈসালে সাওয়াব মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি, দাওয়াত কার্যক্রম, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ছাতাপীর (রহ.) ছিলেন একজন খ্যাতিমান আলেমে দ্বীন ও সূফী সাধক, যিনি সারাজীবন ইসলামের দাওয়াত, মানবসেবা ও আধ্যাত্মিক শিক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর রেখে যাওয়া আদর্শ ও শিক্ষাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের ঈসালে সাওয়াব মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল, দোয়া ও মিলাদ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।





