‘৫ আগস্ট ২০২৪’ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন : জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৪:১১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে তিনি রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেন। কালের কণ্ঠে সাক্ষাৎকার প্রকাশের পর জামায়াত আমীরের দাবি, ৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন জামায়াত আমীর।
তিনি বলেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।
জামায়াত আমীর বলেন, কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।




