খালখনন কর্মসূচি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে : মালিক এমপি
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৫:৪৩ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, চলমান খালখনন কর্মসূচির মাধ্যমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ-এই তিনটি উপজেলা সরাসরি উপকৃত হবে। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সময় শুরু হওয়া খাল পুনঃখনন উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী নতুন করে কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, খাল পুনঃখনন শুধু পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বুধবার দুপুর ২টায় উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকায় খালখনন কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এম এ মালিক স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৫ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শের অংশ হিসেবে খালখনন ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে তিনি যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে পরিচালিত খালখনন আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এম এ মালিক জানান, ইতোমধ্যে সিলেট-৩ আসনের আওতাধীন দাউদপুর ও মল্লিকপুরে খালখনন কার্যক্রমে অংশ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বালাগঞ্জ উপজেলাতেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সিলেট-৩ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। ইনশাল্লাহ আমরা তিন উপজেলাকে মডেল এলাকায় রূপান্তর করবো। পরিদর্শনকালে সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এম এ মালিক প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং ভোটারদের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি





