হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৮:৫৪:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, ফুচকা ও জিরাসহ দুটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতর অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়। একই দিনে দুপুরে আরেকটি অভিযানে সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতর থেকে ভারতীয় অবৈধ ফুচকা ও জিরা উদ্ধার করা হয়।
জব্দকৃত সকল পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।





