মৌলভীবাজারে ক্যাবের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৭:১৬:১৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা দ্রুত বাজারে তেল সরবরাহ স্বাভাবিক করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ক্যাবের জেলা সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক হোসেন আমাদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সহসভাপতি আজিজ আহমদ কিবরিয়া, সৈয়দ মহিউদ্দিন আহমেদ চৌধুরী শাহিন, এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান মহিবুর রহমান মুহিব প্রমুখ। উপস্থিত ছিলেন ক্যাবের সদস্য সৈয়দ তেফজ্জল হোসেন ও সাংবাদিক মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।





