মৌলভীবাজার জামায়াতের রুকন সম্মেলনে সেক্রেটারি জেনারেল: যেকোনো পরিস্থিতিতে রুকনদের দৃঢ়তা ও ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৬:৫৮:১০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যে কোন পরিস্থিতি মোকাবিলায় রুকনদের দৃঢ় ও ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। সদস্যদের (রুকন) দায়িত্বানুভূতি, কর্তব্যনিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একজন রুকন হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে হবে। শনিবার জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী জেলা সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রুকনদের উদ্যেশ্যে আরো বলেন, দুনিয়াবি চাওয়া পাওয়া আশা-আকাঙ্কা, ইচ্ছা, পদ-পদবি পাওয়ার জন্য নয়, দায়িত্ত্বটা আমার শপথের সাথে জড়িত অঙ্গিকার এবং তা কেবল আল্লাহকে খুশি করার জন্যই পালন করতে হবে। তিনি বলেন, আমার ভালো কাজের জন্য কে আমাকে স্বীকৃতি দিলো বা না দিলো তা ভাববার সময় নেই। আমাদের কাজ করে যাওয়াই হলো মূল কাজ। তিনি বলেন, আমাদের সকল কাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে যেতে হবে এবং আমাদের সবসময় আত্মসমালোচনা করে নিজেকে তৈরি করতে হবে।
জেলা আমীর প্রকৌশলী মোঃ সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর পরিচালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া। সম্মেলনের দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনিক রিপোর্টিং সেশনে বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হয়। সম্মেলনে জেলার প্রায় পাঁচ শতাধিক রুকন উপস্থিত ছিলেন।





