শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৭:০০:২২ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মৌজায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৭ টাকার এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার বিকালে উপজেলার ভুনবীর ইউনিয়নর শাসন এলাকার জয়তীছড়ার পাশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা, উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং এলাকাবাসী।
জানা যায়, প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি খালের দুই পাড়ে বাধাই, বৃক্ষরোপণ এবং পানি নিষ্কাশনের জন্য আরসিসি রিং পাইপ স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল, আলিসারকুল, বাদেআলিশা, শাসন রাজপাড়া ও পাত্রীকুল মৌজার প্রায় ৪ হাজার একর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে।
দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকা এসব জমি পুনরায় কৃষিকাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে স্থানীয় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।




