জকিগঞ্জে তানিম এন্টারপ্রাইজের সুধী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৭:০৮:০০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের শাহগলীস্থ তানিম এন্টারপ্রাইজ এন্ড সুমন ব্রাদার্সের ২৬ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ২টায় শাহগলী বাজারস্থ হুমায়রা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটর মাহবুবুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন কবির আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএলজি-এর ম্যানেজার আনোয়ার হোসেন, এলপিজি-এর জিআরএসএম আসিফ আনোয়ার, মেঘনা ফ্রেশের বিজিটি ডেপুটি ম্যানেজার শরীফ মজুমদার, বসুন্ধরা এলপিজি’র ডিভিশনাল ও মার্কেটিং ম্যানেজার আসাদ জ্জামান, ম্যানেজিং ডিরেক্টর মো. জুবায়ের আহমদ চৌধুরী এবং ইউনাইটেড গ্রুপের এরিয়া ম্যানেজার সজল মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জুবায়ের আহমদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, নুরুল আমিন, ফাহাদ আহমদ, জুবের আহমদ ও এমাদ আহমদ।
সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, তানিম এন্টারপ্রাইজ ও সুমন ব্রাদার্স দীর্ঘ ২৬ বছর ধরে সততা, নিষ্ঠা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠান শুধু ব্যবসায়িক সফলতার উদাহরণই নয়, বরং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ, আর এই আস্থাকে পুঁজি করে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে তানিম এন্টারপ্রাইজের ক্রেতাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।




